মেহেরপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে সোমবার ( ১০ জুলাই) এক আসামির পালিয়ে যাওয়ার পর তাকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছে পরিবার।
আসামি সাকিব (২২) মেহেরপুর পৌর এলাকার নতুন পাড়ার আনারুল ইসলামের ছেলে।
কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস জানান, রোববার (৯ জুলাই) দিবাগত রাতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে চুরি ও মাদকের মামলায় বিভিন্ন আসামিকে আটক করে। আটকদের সোমবার মেহেরপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে উঠানো হলে বিচারক মো. তরিকুল ইসলাম তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাঠগড়া থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে আসামি সাকিব হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর জেলা পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়।পুলিশের পক্ষ থেকে আসামি সাকিবের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হলে পালানোর ছয় ঘণ্টা পরে রাত সোয়া ৮টার দিকে আসামি সাকিবকে নিয়ে তার বড় ভাই রাকিব কোর্ট হাজতে পুলিশ পরিদর্শকের কাছে সোপর্দ করে।
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম জানান, আসামি পালিয়ে গেছিলো ঘটনাটি সত্য, তবে তাকে পাওয়া গেছে। এখন কাস্টডিতে আছে।
