মহিলা জাতীয় ফুটবলে নতুন মুখ চার জন

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৪২

নেপালের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ ঢাকায়। আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ রোববার। এই মুহুর্তে জাতীয় মহিলা ফুটবল দল একটা সংকটকালীন মুহূর্ত পার করছে। সাম্প্রতিক নানা ঘটনায় মহিলা ফুটবল খুব একটা শক্ত অবস্থানে নেই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার ১০ মাস পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সাফের দলে চার ফুটবলার নেই। সেখানে চার ফুটবলার ঢুকতে যাচ্ছেন। আফিদা খন্দকার প্রান্তি, সাহেদা আক্তার রিপা, স্বর্ণা রাণী ও সুরমা খাতুন নেপালের বিপক্ষে ২৩  জনের স্কোয়াডে থাকবেন বলে জানিয়েছেন কোচ মাহবুবুর রহমান লিটু।

সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের একাদশ থেকে কৃষ্ণা রানী সরকার, আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না এবং জুনিয়র শামসুন নাহার নেই। এদের মধ্যে কৃষ্ণা রানীর পায়ের পাতায় সমস্যা রয়েছে। তিনি অনেক দিন ধরেই অনুশীলনের বাইরে। স্বপ্না চলে গেছেন আগেই। ডিফেন্ডার আঁখি খাতুনও চলে গেছেন। তবে শোনা যাচ্ছে, তিনি ক্যাম্পে থাকাকালীনই বিয়ে করেছিলেন। সে কারণেই চলে গেছেন বলে ক্যাম্প সূত্রের খবর। একটি ছেলে বাফুফে ভবনে আঁখির কাছে যাওয়া-আসা করতে। তখন ভাই পরিচয়ে এলেও সেই ছেলে নাকি আঁখির স্বামী। যদিও বিয়ের বিষয়ে আঁখি অস্বীকার করে বলেছিলেন, ‘যখন বিয়ে হবে, সবাই জানবে।’ শামসুন নাহার জুনিয়র ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠলে পরিবার তাকে বাসায় নিয়ে গেছে।

এই চার ফুটবলারের অভাব পূরণ করা কঠিন। ধাক্কা সামাল দেওয়া যাবে কি না, এটা নিয়ে সংশয় রয়েছে। অভিজ্ঞ চার ফুটবলারের অনুপস্থিতিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। মাসুরা পারভিনের ইনজুরি আছে। অনেকটাই কৃষ্ণার মতো। তবে মাসুরা কিছুটা ভালো অবস্থায় এসেছেন। তাকে মাঠে নামানো হবে বলে জানিয়েছেন লিটু। স্বপ্না না থাকায় স্ট্রাইকার হিসেবে তহুরা খাতুন খেলবেন। সুমাইয়াকেও স্ট্রাইকার পজিশনে খেলাতে চান লিটু।

তহুরার সঙ্গে অধিনায়ক সাবিনা খাতুন থাকবেন। প্রয়োজনে উঠবেন, নামবেন। সাবিনার পেছনে থাকবেন মনিকা চাকমারা এবং সঙ্গে থাকবেন মারিয়া মান্ডা। আক্রমণভাগে ডান দিকে সানজিদা খাতুন, বাম দিকে উইংয়ে থাকবেন রিতু। মাঝমাঠে পাঁচ মিডফিল্ডার রাখার পরিকল্পনা করছেন লিটু। সানজিদার পরিবর্তে শাহেদা আক্তার রিপা খেলবেন। লিটু জানিয়েছেন, শাসমুন নাহার না থাকায় ক্ষতি হয়েছে। কারণ আক্রমণভাগে ধারালো অস্ত্র হিসেবে কাজে আসত। সেটি হবে না।

গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনাল খেলেছিল নেপালের বিপক্ষে। নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর আর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এতোদিন পর আবার বাংলাদেশ যখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে, তখন দেশের মহিলা ফুটবল দলের সেই শক্তি অনেকটাই খর্ব হয়ে গেছে। নানা ঘটনায় মহিলা জাতীয় ফুটবল দল এখন সংকটে রয়েছে। সামনে এশিয়ান গেমস ফুটবল। সেখানে যাওয়ার আগে বাংলাদেশের জন্য নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের লড়াই হবে নিজেদের দেখার লড়াই।

ইত্তেফাক/এসএস