জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে চার বছরের জন্য প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ করা হলো। তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
কর্মরত থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।
