ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করাকেই ই-কমার্স বলে। সহজভাবে বলতে গেলে বলা যায় ই-কমার্স হলো অনলাইনে পণ্য কেনাবেচা। অর্থাত্, যেকোনো ব্যবসায় সকল কার্যক্রম যেমন :পণ্যের বিজ্ঞাপন থেকে শুরু করে পণ্য কেনাবেচা এবং আর্থিক লেনদেনও ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরিচালনা করাই হলো ই-কমার্স। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে বাংলাদেশের বর্তমানের অনলাইন কেনাকাটা ব্যবস্থা কি ই-কমার্সের আওতায় পড়ে না? এর উত্তর হলো, বাংলাদেশে অনলাইনের কেনাবেচা পদ্ধতিটা আসলে পুরোপুরি ই-কমার্সের আওতায় পড়ে না। কারণ, বর্তমানের অনলাইন কেনাকাটায় পণ্যের বিজ্ঞাপন এবং পণ্য কেনাবেচার বিষয়টা অনলাইনে হলেও এর পেমেন্ট করা হয় পণ্য হস্তান্তরের পর হস্তান্তরকারীর মাধ্যমে। অর্থাত্, বাংলাদেশের অনলাইন কেনাকাটার ব্যবস্থাটা এখনো পুরোপুরি ই-কমার্সের আওতায় আসেনি।
এতদিন বাংলাদেশে পূর্ণ ই-কমার্সের বিস্তার হয়েছে বিদেশি কিছু প্রতিষ্ঠানের হাত ধরে। যেমন :আলীবাবা, আমাজন ইত্যাদি। বিদেশি প্রতিষ্ঠানের হাত ধরে এগিয়ে গেলেও এবার দেশি প্রতিষ্ঠান হিসেবে পূর্ণ ই-কমার্সের সেবা নিয়ে জনসাধারণের কাছে হাজির হয়েছে বেন ডট রইস ফ্যাশন ব্র্যান্ড। যাদের ওয়েবসাইটে পাওয়া সব পণ্যই তাদের নিজেদেরই ডিজাইন করা। আর, আপাতত পণ্যের মূল্য পরিশোধ বিকাশের মাধ্যমে করা গেলেও পরবর্তীকালে কার্ডসহ সকল ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে। এতে পণ্যের মূল্য পরিশোধসহ অনেক সমস্যার সমাধান হবে।
কথা হয় বেন ডট রইসের উদ্যোক্তা ঢাকার হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহাদ আহসানের সঙ্গে। তিনি বলেন, ‘দেশের বাজারে অনলাইনে যে কেনাবেচা হচ্ছে তা আসলে পুরোপুরি ই-কমার্সের আওতায় পড়ে না। কারণ, সেখানে সকল কার্যক্রম ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে হলেও পণ্যের দাম পরিশোধ করা হচ্ছে পণ্য হস্তান্তরকারির হাতে। এসময় অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন :হাতে ক্যাশ টাকা না থাকা, পণ্য অর্ডারকারী যথাস্থানে সময়মতো উপস্থিত না থাকা প্রভৃতি। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই পূর্ণ ই-কমার্স সেবাটা চালু করা হয়েছে। যেখানে উন্নত বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষও টাকার লেনদেন হাতে হাতে না করে কার্ড বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং তথা ইলেকট্রনিকস ব্যাংকিংয়ের সাহায্য নিচ্ছে, সেখানে পূর্ণ ই-কমার্স সেবাটা সময়োপযোগী হয়ে উঠেছে। তবে, আমরা যেহেতু এখনো অনেকটা নতুন, তাই অনলাইনে মূল্য পরিশোধের পাশাপাশি হাতে পরিশোধের অপশনটাও রেখেছি আপাতত।’
ক্রেতাসাধারণের সাড়ার বিষয়ে বলতে গিয়ে ফাহাদ আহসান আরো বলেন, ‘বেন ডট রইস বাজারে এসেছে গত মাসের ১৯ এপ্রিল থেকে। ই-কমার্সের প্রতি মানুষের যে কী পরিমাণ চাহিদা তা আমরা এই অল্প ক’দিনের মধ্যেই বুঝে গিয়েছি। তাছাড়া, আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদার আরেকটি কারণ হলো আমরা পণ্যের ডিজাইন করে উত্পাদনকারী প্রতিষ্ঠানের কাছে সেই ডিজাইন অনুসারে অর্ডার করি।’
