শিশু-কিশোরদের কল্যাণে কাজ করুন :আইজিপি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সমাজের অবহেলিত শিশু-কিশোরদের কল্যাণে আরও বৃহত্ পরিসরে কাজ করার জন্য অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন। পুলিশের মত একটি চ্যালেঞ্জিং পেশা থেকে অবসর নেওয়ার পরও সামাজিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের ধন্যবাদ জানান আইজিপি। গতকাল শনিবার রাজারবাগে বিআরপিওডব্লিউএ কমপ্লেক্স সেমিনার হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) পরিচালিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি এবং অবহেলিত শিশুদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে পুলিশ প্রধান বলেন, তোমরা এগিয়ে যাও, তোমাদের চলার পথ মসৃণ হোক। আমরা তোমাদের পাশে আছি, থাকবো।

আইজিপি বিআরপিওডব্লিউএ কমপ্লেক্সে নবনির্মিত ডরমিটরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগরীতে বাংলাদেশ পুলিশ পরিচালিত রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের ২৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি ও অবহেলিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন আইজিপি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও পৃষ্ঠপোষক এম সহীদুল ইসলাম চৌধুরী। সমিতির সদস্যগণ এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।