শুক্রবার (১৪ জুলাই) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে সাবিনাদের সঙ্গে দেখা করেছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। হোটেলে গিয়ে সব খেলোয়াড়কে ডেকে কথা বলেছেন পল। সবাইকে জড়ো করে জানিয়ে দিয়েছেন তিনি থাকবেন না। চলে যাচ্ছেন। এটা ফাইনাল। সাবিনাদেরকে গুডবাই জানিয়েছেন পল।
মহিলা জাতীয় ফুটবল দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেছেন, ‘পল এসেছিল সবার কাছ থেকে বিদায় নিয়ে বলেছেন তিনি আর থাকছেন না। আমি অনুরোধ করেছি। মেয়েরাও অনুরোধ করে বলেছে তুমি থাকো। পল বলেছে আমি থাকব না চলে যাব।’ এ সময় কোচিং স্টাফসহ জাতীয় দলে থাকা ২৩ ফুটবলারই উপস্থিত ছিলেন সেখানে।
পল স্মলি অনেক দিন ধরেই মহিলা জাতীয় দলের সঙ্গে নেই। লিটু জানালেন দুই মাস ধরে মহিলা দলে নেই তিনি। আর পল না থাকলে ফিজিক্যাল ট্রেইনার ইভান রাজলগ কাজ করেন না। কারণ পলই ইভানকে এনেছেন। এই ট্রেইনার এবং পল দুজনেই বেতন নিয়েছেন। দুঃসময়ে তারা মহিলা ফুটবল দলের কাছে থাকেননি। কাজ করেননি।
এদিকে পল থাকবেন কি থাকবে না সেটা নিয়ে অনেক দিন ধরেই কথাচালাচালি চলছি। অন্য দেশ থেকে তার আমন্ত্রণ এসেছে বলেই নাকি এক বছর চুক্তির মেয়াদ থাকতেই চলে যাবেন। বেতন বাড়ানোর অনুরোধ করেছিলেন বাফুফেকে। কিন্তু সেটাও সম্ভব ছিল না সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক। তারপরও পল এবং বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বারবার বৈঠক করেছেন। দুজনের মধ্যে বারবার আলোচনা হয়েছে। তাতেও একটা সুরাহা হয়নি। পল থাকবেন কি থাকবে না সেটা নিয়েই বাফুফের ব্যস্ততা ছিল বেশ কিছু দিন। শুক্রবার দুপুরে পল গিয়েছিলেন হোটেলে। সেখান থেকে বেরিয়ে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের বাসায় যান। দীর্ঘক্ষণ সেখানে মিটিং হয়েছে। কিন্তু কাজ হয়নি।
