আয়কর আইনজীবী হতে পারবেন অবসরপ্রাপ্ত কর কর্মকর্তারা

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:১৬

চাকরি থেকে অবসরের পর ট্যাক্স বারের সদস্য না হয়েও কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন কর কর্মকর্তারা। প্রস্তাবিত বাজেটে এ সংক্রান্ত একটি সংশোধনী এনেছে সরকার। তবে এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন কর আইনজীবীরা। এ সংশোধনীর বাতিল করে আয়কর আইনজীবী হওয়ার ক্ষেত্রে আগের বিধান বহাল রাখার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলন করেছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিএলএ)। আগামী ৩০ জুনের মধ্যে এটি বাতিল করার দাবি জানিয়ে অন্যথায় বড় আন্দোলনের হুমকিও দিয়েছে সংগঠনটি।

বর্তমানে আয়কর আইনজীবী হিসেবে কাজ করতে চাইলে ট্যাক্সবারের সদস্য হতে হয়। অন্যদিকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদেরও (আইটিপি) ঢাকা ট্যাক্সেস বারের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। আয়কর কর্মকর্তারাও অবসরের পর আয়কর আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এজন্য তাঁদের ট্যাক্সেস বারের সদস্য হতে হয়, বাড়তি কোনো পড়াশোনার দরকার হয় না। তবে বেশিরভাগ কর্মকর্তাই অবসরের পর ট্যাক্সেস বারের সদস্য হন না। এবার এ বিধানটি উঠিয়ে দেওয়ার ফলে তাঁদের আয়কর আইনজীবী হিসেবে কাজ করার ক্ষেত্রে ট্যাক্সেস বারের সদস্য হওয়ার বাধ্যবাধকতা পূরণ করতে হবে না।

ঢাকা কর আইনজীবী সমিতির সভাপতি হুমায়ূন কবীর বলেন, ‘নতুন সংশোধনী বাতিলের বিষয়ে এনবিআর চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন। এটি আগামী ৩০ তারিখের মধ্যে বাতিল না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, সাবেক এমপি ও বিটিএলএর আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট শাহ্ জিকরুল আহমেদ, ডিটিএলএর সহসভাপতি অ্যাডভোকেট মো. আকবর হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট অধ্যাপক আবদুল মজিদ প্রমুখ।