খুলনায় খাল থেকে দুদকের আইনজীবীর লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:৩০

খুলনায় লুত্ফুল কবির নওরোজ (৫৫) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আইনজীবীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কচুবুনিয়া- তেঁতুলতলা এলাকার রিয়া হ্যাচারি সংলগ্ন কাজীবাছা নদীর পার্শ্ববর্তী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। নিহত লুত্ফুল কবির নওরোজ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মৈশাঘুনি গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।  

অ্যাডভোকেট লুত্ফুল কবির নওরোজের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. নূরুল ইসলাম মৃধা।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো. নূরুল ইসলাম মৃধা জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কচুবুনিয়া- তেঁতুলতলা এলাকার রিয়া হ্যাচারি সংলগ্ন কাজীবাছা নদীর পার্শ্ববর্তী খাল থেকে অ্যাডভোকেট লুত্ফুল কবির নওরোজের লাশ উদ্ধার করা হয়। তিনি ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

তবে, তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম