ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাত রাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে। গতকাল তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সড়কটির নামফলক উন্মোচন করা হয়। পরিবারের সদস্যরা সড়কের নামফলক উন্মোচন করেন।
আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি। তারই ধারাবাহিকতায় তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখে পড়েন। পরে এ সড়ক দখলমুক্ত করেন আনিসুল হক। সেই সড়কেরই নামফলক আনিসুল হকের নামেই করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নামফলক উন্মোচন অনুষ্ঠানে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে তানিশা ও ফারিয়ামান, ছোট ভাই সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আনিসুল হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
