সাফসেরা গোলরক্ষক জিকো নিজ এলাকায় সংবর্ধিত

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৩৪

কদিন আগেই অনুষ্ঠিত হওয়া দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফ ২০২৩-এ দলের হয়ে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এ আসরে বাংলাদেশ দুর্দান্ত খেললেও শেষ অবদি ফাইনাল খেলতে পারেনি। পরে টুর্নামেন্ট শেষে এ আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হন জিকো। আর এজন্যই সাফ শেষে দেশে ফিরে নিজ এলাকায় ফেরার পর জিকোকে সংবর্ধনা দিয়েছে তার এলাকাবাসী। 

গতকাল রোববার বিকেলে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা খেলার মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জিকো কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার মনজুর আলম সওদাগরের ছেলে।

সংবর্ধনা অনুষ্ঠানে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম বলেন, ‘জিকো শুধু চকরিয়া কিংবা কক্সবাজারের নয়, তিনি পুরো বাংলাদেশের গর্ব। কক্সবাজারের এ কৃতী সন্তান দক্ষিণ এশিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন কীভাবে সেরা হওয়া যায়। জিকোর সুনামে তার পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি আমরাও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর এই সুন্দর পথচলায় দোয়া এবং শুভকামনা। তিনি ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবেন এবং দেশের সুনাম ধরে রাখবেন বলে আশা করছি।’ 

এদিন সংবর্ধনায় চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নিজ এলাকায় এমন সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত জিকো বলেন, ‘আমার এলাকার মানুষের সংবর্ধনা আমাকে আরো ভালো করার অনুপ্রেরণা জুগিয়েছে। আমিও চাই ভালো খেলে এলাকার মানুষকে আরো বেশি খুশি এবং গর্বিত করতে। সবার ভালোবাসা প্রত্যাশা করে খেলি এবং এই ভালোবাসা যেন সব সময় অটুট থাকে সেজন্য দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করি।’

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী সেতু থেকে শতাধিক গাড়ি ও কয়েক শ মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রার মাধ্যমে জিকোকে বরণ করেন চকরিয়াবাসী। এ সময় সংসদ সদস্য জাফর আলমের ব্যক্তিগত হুডখোলা গাড়িতে তোলা হয় জাতীয় দলের গোলরক্ষককে। এরপর ফুলের মালা পরিয়ে মহাসড়ক হয়ে সংবর্ধনাস্থল ডুলাহাজারা খেলার মাঠে নিয়ে যাওয়া হয়।

ইত্তেফাক/এসএস