কিশোরগঞ্জে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে পদযাত্রা চলাকালে বিএনপি নেতা-কর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রথখোলা ঈশা খাঁ সড়কে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে পদযাত্রা বের করে জেলা বিএনপি নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের রথখলা এলাকা অতিক্রম হওয়ার করার সময় পুলিশ বাধা দেয়। তখন বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপির অর্ধশত নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়।
জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা গণমাধ্যমকে বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার বলেন, পদযাত্রাটি সরকারি গুরুদয়াল কলেজ থেকে রথখলা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে যানজটের সৃষ্টি হয়। এতে বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
