কক্সবাজারে ‘আট ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করে সদর উপজেলা চেয়ারম্যানকে জয়ী করার’ কথা প্রকাশ্যে নির্বাচনী পথসভায় বলায় উখিয়ার ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২০ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে- ‘আমি ভোট ডাকাতি করেছি বলেই আপনি উপজেলা চেয়ারম্যান’ এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ‘আট কেন্দ্রে ভোট ডাকাতি করেছি’ মর্মে অসত্য বানোয়াট বক্তব্য প্রদান করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়া ২০ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ বলেন, ‘মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের চিঠিটি মঙ্গলবার পেয়েছি। নির্দেশনা মোতাবেক ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েসকে নোটিশ জানিয়ে দিব।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে তদন্ত করা হয়। সাক্ষ্য-প্রমাণে যা পাওয়া গেছে তা উল্লেখ করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
