অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ এখন অনন্য উচ্চতায়

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:১৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায় অবস্থান করছে। এক্ষেত্রে সংসদ সদস্যদের অবদান অনস্বীকার্য। আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান দাইসাকু কিহারার নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি একথা বলেন। এসময় তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে এমপিদের ভূমিকা ও আইএমএফের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত কয়েক বছর ধারাবাহিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ প্রবৃদ্ধি বর্তমানে ৮.১ শতাংশ। রেমিটেন্স ও রিজার্ভও সমান গতিতে বৃদ্ধি পেয়েছে। ফলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন সেবা পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকারের মূল লক্ষ্য বৈষম্য দূর করে দারিদ্র্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

শিরীন শারমিন আরো বলেন, আইএমএফ এখন সংসদ সদস্য ও তরুণ জনসমষ্টির দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে পারে। তিনি আইএমএফ প্রতিনিধি দলকে বাংলাদেশে অধিকসংখ্যক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনার আহ্বান জানান।

আইএমএফ প্রতিনিধি দলের প্রধান অর্থনৈতিক উন্নয়নে এমপিদের অধিক সম্পৃক্তকরণের উপায় সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামোগত উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতায় দাইসাকু উচ্ছ্বাস প্রকাশ করে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের প্রশংসা করেন। এসময় বাংলাদেশে নিযু্ক্ত আইএমএফের আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন উপস্থিত ছিলেন।