কুমিল্লা ও নাটোরে শুক্রবার (২১ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় সহোদর চালক ও চালকের সহকারীসহ তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে কাভার্ড ভ্যান চালক আজিজুল হক (৩৪) ও তার ছোট ভাই চালকের সহকারী রবিউল হক (২৩) এবং পাবনার সাথিয়ার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ( ইন্সপেক্টর) ওবায়েদুল হক জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এসময় ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার কাভার্ডভ্যানে আটকে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নাটোরে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। এতে চালকের সহকারী গুরুতর আহত হন।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে নৌ-বন্দর থেকে সিমেন্টবাহী একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের উপজেলার হয়বতপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে চালক শফিকুল ঘটনাস্থলেই নিহত হন।
