সুনামগঞ্জে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলামের লেখা বই 'স্মৃতি রেণুকণা: সুনামগঞ্জ, মুক্তিযুদ্ধ, অন্যান্য'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রজত কান্তি সোম মানস। স্বাগত বক্তব্য দেন কবি ও লেখক সুখেন্দু সেন।
এছাড়া অনুষ্ঠানে লেখক-গীতিকার ইশতিয়াক রুপু, কবি ইকবাল কাগজী, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, শিক্ষক কোহিনুর বেগম ও কানিজ সুলতানা, শিক্ষক শাহ আবু নাসের, গবেষক সুবাস উদ্দিন ও এনামুল কবির, যুবনেতা এনাম আহমেদ ও সাইফুল ইসলাম, আইনজীবী মাহবুবুল হাসান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক খলিল রহমান, শিক্ষক মশিউর রহমান, সুবল বিশ্বাস, অনুপ নারায়ণ রুমেল, আহমেদ নূর আলবাব, ফজলুল করিম সাঈদ, সমাজকর্মী নূরুল হাসান আতাহের, সালেহিন চৌধুরী, রাজু আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলামের পৈতৃক নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুরে। তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও ৭ম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। সর্বশেষ মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর নেন। এর আগে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ শহরের হাসন নগরে বসবাস করেন।
'স্মৃতি রেণুকণা: সুনামগঞ্জ, মুক্তিযুদ্ধ, অন্যান্য' বইটি মূলত স্মৃতিচারণমূলক। সিলেটের শ্রীহট্ট প্রকাশ এটি প্রকাশ করেছে।
