সাটুরিয়ায় সড়কে গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:০২

একটি মাত্র সড়কে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গ্রামীণ অবকাঠামো সড়কগুলো নির্মাণ ও সংস্কারের সময় নিম্নমানের কাজ করা ও সড়কের দুপাশে গাইড ওয়াল না করায় গ্রামীণ সড়কগুলো বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এমন বেহাল দশা হয়।

একমাস আগে মানিকগঞ্জের সাটুরিয়ার দিঘলিয়া ইউনিয়নের ইনাম সাফল্লি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিশাল গর্ত হলেও উপজেলা এলজিইডি ও ইউনিয়ন পরিষদের কোনো মাথাব্যথা নেই।

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে উপজেলার দরগ্রাম সাফল্লি, দিঘলিয়া, বরাইদ ও ভাটারা এলাকার মানুষের চলাচল  করে। এ সড়ক ঘেঁষা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও তিনটি হাটবাজার। প্রতিদিনই শিক্ষার্থীসহ শত শত সাধারণ মানুষ চলাচল করে থাকে এ সড়কে। সাফল্লি দরগ্রাম সড়কের মধ্যে বড় গর্তের সৃষ্টি হওয়ায় একমাস ধরে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সাফল্লি গ্রামের বাসিন্দা ফিরোজ কবির বলেন, সড়কে একটি গর্তের জন্য ৬ থেকে ৮ কিলোমিটার ঘুরে আসতে হয়। এমনকি স্কুলে শিক্ষার্থীরা গর্ত পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। বন্ধ হয়ে গেছে যান চলাচল।

জনপ্রতিনিধিদের দৃষ্টি আর্কষণ করে সাফলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, গর্তটি বিপজ্জক। যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। 

উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, সড়কে গর্তের বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। দ্রুতই গর্তটি ভরাট করে দেওয়া হবে।

দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. সফিউল আলম জুয়েল বলেন, গর্তের বিষয়ে তাকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলেই গর্তটি ভরাট করা হবে।

ইত্তেফাক/আরএজে