হোমনায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৩০

হোমনায় নানার বাড়ি থেকে খালার বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হওয়া স্কুলছাত্র আতিকুর রহমান (১৪) মারা গেছে।

সোমবার রাতে ঢাকায় নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। আতিকুর উপজেলার ঘাড়মোড়া হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও নিলখি গ্রামের স্বর্ণ পাড়ার মোস্তাক মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার বিকালে উপজেলার ভবানিপুর গ্রামে তার নানার বাড়ি থেকে খালার বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় মিরশ্বীকারী হাদির খাল ব্রিজে এলে মোটরসাইকেলটি উল্টে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।