ইউক্রেনের হামলায় রুশ সাংবাদিক নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:০০

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি  রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার ইউক্রেনের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেন এ হামলায় চলতি মাসে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা ব্যবহার করেছে।

রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গুচ্ছবোমা ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় চার সাংবাদিক আহত হন। তাদের একজন মারা গেছেন। বাকিদের জখম মাঝারি পর্যায়ের।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কিয়েভের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তান্তিন কোসাচেভ বলেছেন, এই হামলার জন্য কিয়েভ ও ওয়াশিংটন সমভাবে দায়ী।

ইত্তেফাক/এফএস