বাংলাদেশ নারী ক্রিকেট যেন ছুটছে আলোর সন্ধানে। কিছুদিন আগে দেশের নারী ক্রিকেটে পুরুষ দলের সাফল্য আনতে কাজ করার পরিকল্পনা নিয়েছিল বোর্ড। সেগুলো ছিল প্রক্রিয়াধীন, শুরু করার অপেক্ষায় ছিল। তবে মিরপুরে ভারতকে আটকে দিয়ে সেই পরিকল্পনা আরো বেগবান করেছে নারীরা। এবার সেই পরিকল্পনায় নতুন করে যুক্ত হলো নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়টি।
গতকাল রোববার (২৩ জুলাই) নারী দলের টিম হোটেলে শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্রয়ের সাফল্যে মেয়েদের নিয়ে উদযাপন করেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি মেয়েদের সঙ্গে মধ্যাহ্নভোজ, কেক কাটা এবং একটি সভা করেন।
এ সময় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিসিবি বসের কাছে মেয়েদের জন্যও একটি ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি তোলেন। আর তাতে বিনা বাক্যে সায় দিয়ে দেন বিসিবি সভাপতি। এ সময় মেয়েদের ক্রিকেট আরো এগিয়ে নেওয়ার স্বার্থে স্কুল পর্যায়ে ক্রিকেটও শুরু করার আশ্বাস দেন তিনি।
পরে মেয়েদের সঙ্গে উদযাপন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে পাপন বলেন, ‘মেয়েদের স্কুল ক্রিকেট। এটা আমরা এই বছর শুরু করতে চাই। এতে করে আমরা নতুন নতুন আরো ক্রিকেটার পাব আশা করি। ওরা মেয়েদের বিপিএল চেয়েছে। সেটাও আমরা বলেছি যে, নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা চালু করব এখন।’
