কার্ডে লেনদেন বাড়ছে

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:৩৫

চলতি বছর মে মাসে বিভিন্ন ব্যাংকের কার্ডের বিপরীতে মোট ৪২ হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়েছে। একই মাসে ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ। এর ফলে কার্ডে গ্রাহক ও লেনদেনের পরিমাণও বাড়ছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত সময়ে ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ। গত বছর একই সময়ে যা ছিল তিন কোটি সাড়ে ৭ লাখ। এক বছর আগের তুলনায় বেড়েছে ৭২ লাখ বা সাড়ে ২৩ শতাংশ। এই মাসে বিভিন্ন ব্যাংকের এসব কার্ডের বিপরীতে মোট ৪২ হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বেশি।

মোট কার্ডের মধ্যে ডেবিট কার্ড রয়েছে তিন কোটি ১৭ লাখের বেশি। ক্রেডিট কার্ড রয়েছে ২২ লাখ ১৬ হাজার। আর প্রিপেইড কার্ড রয়েছে ৪০ লাখ ৩৭ হাজার। গত মে পর্যন্ত সারাদেশে এটিএম বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৮টি। এসব বুথের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ২৯ হাজার ৮৩৮ কোটি টাকা।

এছাড়া প্রায় এক লাখ ছয় হাজার ৮১৬ পয়েন্ট অব সেলসের (পিওএস) মাধ্যমে লেনদেন হয়েছে দুই হাজার ৫৭৭ কোটি টাকা। আর তিন হাজার ২১১টি ক্যাশ রিসাইকেলিং মেশিনের (সিআরএম) বিপরীতে লেনদেন হয়েছে আট হাজার ৪৩৭ কোটি টাকা। এছাড়া  ই-কমার্সে পরিশোধ হয়েছে এক হাজার ২৭০ কোটি টাকা।

ডিজিটাল লেনদেনে আগ্রহী করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ক্যাশলেস লেনদেন আরও এগিয়ে নিতে কিউআর কোডভিত্তিক লেনদেন উৎসাহিত করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ ব্যবহার করে এক ব্যাংক বা এমএফএস থেকে আরেক প্রতিষ্ঠানের গ্রাহক টাকা পরিশোধ করতে পারছেন। বিশেষ করে ফুটপাথ বা ভ্রাম্যমাণ দোকানিরা কিউআরে বিল নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ইত্তেফাক/আরএজে