নাটোরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৯:০৭

নাটোরের লালপুর থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফসিয়ার রহমান যশোরের বাঘারপাড়া থানার ছোটখুদরা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গ্রেপ্তার ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ ফসিয়ার রহমানসহ যশোরের চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়। পরে ২০২৩ সালের ২৫ জুন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ ফসিয়ার রহমানসহ চারজনের বিরুদ্ধে মৃতুদণ্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব আরও জানায়, আদালতের মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে আসামি মো. ফসিয়ার রহমান ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে নাটোরের লালপুরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমান কে উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এবি