‘তরুণদের সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’ গতকাল মঙ্গলবার বিকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনার প্যানেলে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে আওয়ামী লীগে যোগ দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে ছোট বেলা থেকে এই দলটিকে দেখে এসেছি। আর বড় হওয়ার পর বিভিন্ন মানুষের কাছে বিরোধী মন্তব্য শোনার পর নিজেও যুক্তি দিয়ে দেখার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে বাঙ্গালী হিসেবে গর্ব করার জন্য আওয়ামী লীগ সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই। এ সময় আলোচনা প্যানেলে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বলেন, তরুণদের উদ্যোগকে স্বাগত জানাতে এবারের বাজেটে ১০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, এখান থেকে ১০ বছর আগে ফ্রিল্যান্সিং নামক কোন প্লাটফর্মের কথা কতজন জানত। আর স্টার্টআপ নামক কিছু হতে পরে, এটাই বা কতজন জানতেন? অথচ এখন আইসিটি মন্ত্রণালয়রে অধীনে আপনি নিজের স্টার্ট আপের জন্য ফান্ড পাচ্ছেন সরকারের কাছ থেকে।
