রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৮৭ দশমিক ৮৯। সব বিষয়ে পাস করেছে এক লাখ ৭৮ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, গত বছরের চেয়ে এবার পাশের হার ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। গতবছর পাশের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। তবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ৬৪০ জন কমেছে। বরাবরের মত এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ০৮ এবং ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮৫। এবার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা ১৪ হাজার ৭১৩ জন এবং ছাত্র সংখ্যা ১২ হাজার ১৬৪ জন।
২০২০ সালে করোনা মহামারি পর রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করছে না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার রাজশাহী শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার্থী ছিল দুই লাখ ছয় হাজার ৩৩০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ তিন হাজার ৬২৫ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল দুই হাজার ৭০৫ শিক্ষার্থী। উপস্থিত ছাত্র সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫৬৭ জন এবং ছাত্রী সংখ্যা ৯৮ হাজার ৫৮ জন।
তিনি জানান, এবার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ১৭৮টি, গতবার ছিল ১৪৭টি। এবার শূন্য পাসের হারের তালিকায় আছে একটি স্কুল, গতবছর ছিল দুটি। এবার ২৬৫ কেন্দ্রের মাধ্যমে দুই হাজার ৬৮১টি স্কুলের শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবার নিয়মিত এক লাখ ৫৭ হাজার ১৮৮ জন শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছে। নিয়মিত ২৬ হাজার ৮১২ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।
