প্রণয়ের পথে ব্র্যাড-র‍্যামন!

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৯:২৬

প্রায় বছর হতে চললেও এখনও নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামন। তবে শুরু থেকেই বিভিন্ন জায়গায় তাদের একান্ত সময় কাটানো মুহূর্তের ছবি প্রকাশিত হচ্ছে। যা ভক্তদের কৌতুহল দিনদিন আরও বাড়িয়ে দিচ্ছে।

ঠিক এমন সময় ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে একাধিক হলিউডি গণমাধ্যম প্রকাশ করেছে, শিগগিরই হয়তো পরিণয় পেতে যাচ্ছে তাদের সম্পর্ক।

সম্প্রতি ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনকে একসঙ্গে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ব্র্যাডের ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে, ‘তাদের সম্পর্ক এখন খুবই শক্তিশালী। তারা দুর্দান্ত সময় পার করছেন। দুজন এই গ্রীষ্মে একসাথে অনেক সময় কাটিয়েছেন। কারণ তারা সত্যিকার অর্থে একে অপরের সঙ্গ উপভোগ এবং নিজেদের ভালোভাবে চেনা-জানার চেষ্টা করছেন।’

পিটের ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, ‘দীর্ঘ সময় একসঙ্গে কাটানো পর তারা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। ব্র্যাড মনে করছেন, তিনি তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছেন। শিগগিরই তারা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলবেন।’

সম্প্রতি ব্র্যাড পিট ও ইনেস ডি র‍্যামনকে একসঙ্গে দেখা গেছে। ছবি: সংগৃহীত

এদিকে কিছুদিন আগে জানা গিয়েছিল, ব্র্যাড তার নতুন সিনেমার শুটিংয়ে থাকাকালীন বেশ কয়েকবার তাকে দেখছে সেখানে ছুটে যান র‍্যামন। এছাড়া ব্র্যাডের নামের প্রথম অক্ষর সংবলিত একটি নেকলেসও পরা শুরু করেছেন র‍্যামন। সব মিলিয়ে ব্র্যাড ভক্তরা দুয়ে দুয়ে চার এরইমধ্যে মিলিয়ে নিয়েছেন। এখন দেখার বিষয় কবে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেন।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে গত বছরের নভেম্বরে একটি কনসার্টে ব্র্যাড পিট ও ডি র‍্যামনকে প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল। সে সময় একাধিক সূত্র দাবি করে, বেশ কয়েকমাস আগে থেকেই তারা ডেট করছেন। তবে র‍্যামনই প্রথম নয়, পিট ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর এমিলি রাতাজকোস্কি, নিকোল পোটুরালস্কিসহ অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন।

অন্যদিকে, ডি র‍্যামন পল ওয়েসলির সঙ্গে ২০২২ সালের মে মাসে বিবাহবিচ্ছেদ করেন। এরপর তার বন্ধুর মাধ্যমে পিটের সাথে দেখা করেন।

ইত্তেফাক/এসকে