পুলিশ দেখে ২৫০ রাউন্ড গুলি ফেলে পালালো পাচারকারী

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০০:৩০

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে ২৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে পালংখালী গয়ালমারা নামক স্থান থেকে এসব গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উখিয়া পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে অবস্থান নিই আমরা। দুপুর আড়াইটার দিকে পায়ে হেঁটে যাওয়া এক যুবক পুলিশ দেখে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করলে যুবকটি তার হাতে থাকা ব্যাগটি ফেলে পাহাড়ের জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম