বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের বিষয়ে উপাচার্যের মৌখিক আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে পানি পান করিয়ে কর্মচারীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।
বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মালি মো. আবু হানিফ বলেন, 'উপাচার্য স্যারের সাথে আমরা সাতজন কর্মচারী দেখা করেছি। ইউজিসি থেকে পদ আসলে, সেগুলোতে তিনি আমাদের অগ্রাধিকার দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। এছাড়া যতদিন আমাদের চাকরি স্থায়ী না করা হবে, ততদিন আমাদের মজুরি ৫০ টাকা বাড়িয়ে ৪৫০ টাকা করে দেওয়া হবে। তবে নতুন পদ আসার পরও যদি আমাদের অগ্রাধিকার না দেওয়া হয়, তাহলে আবারো আন্দোলনে যাবো।'
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে, গত ১৭ জুলাই থেকে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এরপর গত রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন তারা।

জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে অনশন
ইবিতে আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্য কোটায় ভর্তির দাবি