দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন প্যাদাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুলাল হোসেন উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের হাফেজ প্যাদার ছেলে।
এর আগে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার একটি ভাড়া বাসায় অভিযান চালায় বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। ওই বাসা থেকে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, ৫০ হাজার জাল টাকা এবং ১১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুলালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
