আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রীদের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় এ ঘটনার অভিযোগে মুস্তাফিজুর রহমান শোভন নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত অন্য দুজন হলেন বেলাল হোসেন ও শ্যামল।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় জড়ো হয়ে হঠাৎ করেই পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সঞ্জয়ের পায়ে গুলি লাগে। এছাড়া হামলাকারীরা তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় মুস্তাফিজুর রহমান শোভনকে আটক করা করেছে। তবে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
