রাজধানীর ডেমরা এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ডেঙ্গুর রেডজোন খ্যাত এলাকা ডেমরা ও কোনাপাড়ার বাসিন্দাদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় তিনি ডেঙ্গুর বর্তমান ভয়াবহ চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের নিরাপত্তার প্রতিও জোর দেন।
ইশরাক হোসেন বলেন, ‘জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা না থাকায় আজ নগরবাসী ভয়াবহ ডেঙ্গুর কবলে পড়লেও এ বিষয়ে সংশ্লিষ্ট মেয়র এবং নগর প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত ও মৃত্যু হলে সংশ্লিষ্ট মেয়রের টনক নড়ছে না।’
তিনি বলেন, ‘যেহেতু আমি প্রশাসনিক কোনো ক্ষমতায় নেই, এ কারণে জনসচেতনতা বাড়ানো ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই আমার। তারপরও ব্যক্তি উদ্যোগে নিজের সর্বোচ্চ নিয়ে জনগণের পাশে থাকবো।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার ৬২, ৬৩, ৬৪ নম্বর ওয়ার্ড, কাজলা ও ভাংগা প্রেস এলাকার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন ইশরাক হোসেন।
