বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনালের আমদানিকারক ও প্রধান পরিবেশক এখন আর্টিসান

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০:৩৩

ফ্যাশন ব্র্যান্ড ‘আর্টিসান’ এখন থেকে বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্য আমদানি করবে। সেই সঙ্গে বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পণ্য বিপণনে প্রধান পরিবেশক হিসেবেও কাজ করবে।

মঙ্গলবার ইউনিলিভার বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ইউনিলিভার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে বাংলাদেশের বাজারে ইউনিলিভার ইন্টারন্যাশনালের উপস্থিতি জোরদার হবে। পাশাপাশি বাংলাদেশে ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বেশি পণ্য আমদানিতে 'সিলেক্টেড এক্সক্লুসিভ পোর্টফোলিও' সুবিধা পাবে আর্টিসান।

ইউনিলিভার ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সৈকত চৌধুরী বলেন, “এই অংশীদারিত্ব একটি টেকসই দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা এবং আরও উচ্চমানের পণ্য আসার ফলে বাংলাদেশের বাজারকে সুসংহত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।”

আর্টিসানের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল এই চুক্তি স্বাক্ষর নিয়ে উচ্ছ্বাস জানিয়ে বলেন, “বাংলাদেশে ইউনিলিভার ইন্টারন্যাশনালের অনুমোদিত আমদানিকারক ও প্রধান পরিবেশক নিযুক্ত হয়ে আমরা গর্বিত।”

আর্টিসানের প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল হাসান ইমু বলেন, “পণ্যের মান নিয়ে অটল থাকা ও বাংলাদেশের বাজার সম্পর্কে গভীর অভিজ্ঞতা থাকার কারণে ইউনিলিভার ইন্টারন্যাশনাল আদর্শ অংশীদার হিসেবে আর্টিসান ব্র্যান্ডটিকে বেছে নিয়েছে। এ দুই প্রতিষ্ঠানের সমঝোতার মধ্যে দিয়ে ইউনিলিভার ইন্টারন্যাশনালের উচ্চমানের পণ্যগুলো বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।”

আর্টিসানের চেয়ারম্যান অনিতা গোমেজ বলেন, "আমি আমাদের মূল্যবান গ্রাহকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের অনুপ্রাণিত করে চলেছেন এবং শ্রেষ্ঠত্বের জন্য আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দিচ্ছেন।"

আর্টিসানের হেড অফ সেলস এসএম মাহমুদ হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাদ হোসেন তপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১২ সালে যাত্রা শুরু করেছিল ইউনিলিভার ইন্টারন্যাশনাল। বিশ্বব্যাপী ইউনিলিভার পিএলসির ব্যবসায়িক ইউনিট হিসেবে কাজ করছে ইউনিলিভার ইন্টারন্যাশনাল। সিঙ্গাপুরের প্রধান কার্যালয় থেকে বহুজাতিক সংস্থা ইউনিলিভার ইন্টারন্যাশনাল  মূলত নানা ধরনের থার্ড পার্টি রপ্তানি কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

.