মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে শুক্রবার একটি বিশেষজ্ঞ হার্ট হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চার দিনের স্বাস্থ্য পরীক্ষার পর তিনি ছাড়া পেলেন বলে একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
৯৮ বছর বয়সী সাবেক এই নেতা মালয়েশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি মোট ২৪ বছর ধরে দু'বার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন সহকারি জানিয়েছেন, মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
তিনি শুক্রবার বলেন, ‘হ্যাঁ, মাহাথিরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’ তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
ড. মাহাথিরের ঘনিষ্ঠ আরেক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, সাবেক নেতাকে ‘সংক্রমণের জন্য চিকিৎসা করানো হচ্ছে’।
মাহাথির সাম্প্রতিক সময়ে অন্তত দুটি হার্ট অ্যাটাকসহ বেশ কয়েকটি হার্টের সমস্যায় ভুগছেন এবং কমপক্ষে দুটি বাইপাস সার্জারি করেছেন।
তাকে ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের জানুয়ারিতেও কয়েক দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেন এবং তারপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে একটি সংস্কারবাদী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসেন। অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।
ডক্টর মাহাথির ২০২২ সালের সাধারণ নির্বাচনে হেরে গেলেও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে জাতিগত মালয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বেঁধেছেন।
