ফেরা হলো না...

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:২৯

 

দীর্ঘদিন পর নায়িকা ববিতার চলচ্চিত্রে অভিনয়ে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কারণ সিনেমায় অভিনয়ের ব্যাপারে একজন পরিচালকের সঙ্গে নিজ বাসভবনে কথাও বলেছিলেন তিনি। ববিতা পরিচালককে তাঁর চরিত্রটির ব্যাপারে কিছু কারেকশনও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনের মতো চরিত্র না হওয়ায় ববিতার আর অভিনয়ে ফেরা হলো না। ববিতার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকাকে ভিত্তি করে সিনেমা নির্মাণের ধারা আমাদের দেশে শুরু হয়নি। যদি তাই হতো তাহলে চলচ্চিত্রের আরো অনেক কিংবদন্তি নায়িকা যেমন :শবনম, সুচন্দা, কবরী, সুজাতা, সুচরিতাসহ আরো অনেককেই অভিনয় থেকে দূরে সরে থাকতে হতো না। যদিও সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার কারণে সিনেমা নির্মাণেও আগ্রহী হচ্ছেন না প্রযোজকেরা। তাই সিনেমা নির্মাণও কমে গেছে। ববিতা বলেন, ‘এখনো সিনেমার দর্শক আছে, এটা আমি বিশ্বাস করি। ভালো গল্পের সিনেমা যুগের পর যুগ দর্শক দেখতে চায়। পাশের দেশ ভারতের দিকে তাকালেই অমিতাভ বচ্চনের এখনো সিনেমায় নিয়মিত কাজ করার বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে। তাকে কেন্দ্র করেই গল্প নির্মিত হচ্ছে। শ্রীদেবরী মতো নায়িকাকে কেন্দ্র করেও সিনেমা নির্মিত হয়েছে। যদি তাই হতে পারে, তবে কেন নয় আমাদের এখানে। আমার বিশ্বাস, আমাদের এখানে মেধাবী কাহিনিকার আছেন, আছেন নির্মাতাও। শুধু উদ্যোগের অভাব। উদ্যোগী হলেই আমাদের মতো যারা আছি, তাদের নিয়েও সিনেমা নির্মাণ সম্ভব।’