আবারও বিচারকের ভূমিকায়

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৩০

মা হ মু দু ল  হা সা ন

 

আরটিভির আয়োজনে আবারও শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ক্যাম্পাস স্টার’। নাচ, গান ও অভিনয়ে মেধাবীদের খুঁজে বের করাই হলো এই প্রতিযোগিতার মূল কাজ। গতবারের মতো এবারও বিচারক হিসেবে থাকছেন নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিষয়টি নিশ্চিত করেছেন কনা নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবছরও এই প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছিলাম। এবারও করতে যাচ্ছি। আশা করছি, গতবারের চেয়ে এবার আরো অনেক বেশি উপভোগ্য হবে এবং আমরা আরো মেধাবী ক্যাম্পাস স্টার খুঁজে পাবো।’ এদিকে ঈদের পরদিন নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কনার গাওয়া কাভার সং ‘সখি পিয়া’। এটি একটি আসামি গান। গানটির প্রতি দারুণ ভালোলাগা জন্ম নেওয়ায় কনা গানটি গেয়েছেন। গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবিদ হোসেন। গানটিতে বাঁশি বাজিয়েছেন পাভেল এবং ডিওপিতে ছিলেন রাশেদ মজুমদার। এরইমধ্যে গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন। শুধু বাংলাদেশের শ্রোতারাই নয়, ভারত থেকেও অনেকেই গানটিতে কনার গায়কীর প্রশংসা করে নিজেদের অভিমত প্রকাশ করছেন। আর তাতে আবেগাপ্লুত কনা। তিনি বলেন, ‘অনেক ধরনের গানই তো আসলে গেয়েছি। কিন্তু আসামি গান কখনো করা হয়নি। এই গানটি প্রচলিত জনপ্রিয় একটি গান, আমার নিজেরও খুব প্রিয়। তাই নিজেই গানটি কাভার সং হিসেবে গেয়েছি। শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য যে সাড়া পাচ্ছি, তাতে মুগ্ধ আমি।’