সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে দাম্মামের আল-কাসিম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তার দশম শ্রেণি পড়ুয়া ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি (১৪)। নিহত মোবারক হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রামের শেখ মোহাম্মদ আলীর বড় ছেলে।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওমরাহ্ পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে দাম্মাম শহরের নিজ বাসায় ফিরছিলেন মোবারক হোসেন। পথে আল-কাসিম নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোবারক হোসেন প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করে আসছিলেন । সেখানে তার একটি কার রিপেয়ার শপ (গাড়ি মেরামতের দোকান) রয়েছে। প্রায় ৩০ বছর সৌদি আরবে বসবাস তাদের। গত চার মাস আগেও পরিবার নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন।
নিহতের বাবা শেখ মোহম্মদ আলী বলেন, বড় নাতনি মিথিলার কানাডা যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছিল। তার আগে তারা পরিবার নিয়ে ওমরাহ করতে যায়। আমার ছেলে আর দুই নাতির জীবন শেষ হয়ে গেছে এই দুর্ঘটনায়। আমি আর কি বলবো। ফোরম্যানের চাকরি নিয়ে মোবারক সৌদি আরবে যায়। পরে সেখানে গাড়ির গ্যারেজ খুলেন।
নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে দেশ থেকে ভাইয়ের শ্যালক গিয়েছেন সৌদি আরবে। এছাড়া প্রবাসে থাকা দুই ভাই আহত ও নিহতদের কাছে রয়েছেন। তাদের লাশ যেন সরকার দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।
