আহাদ চৌধুরী তুহিন
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৪ জুন সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতহার মিয়া, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেন প্রমুখ। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও সাদামাটা জীবনযাপন করতেন। তাঁর লেখনিতে ফুটে উঠেছে মানবতার জয়গান। মানুষকে নিয়ে তিনি আরাধনা করতেন। তাঁর লেখায় শৈশব, কৈশোর, তারুণ্যের উচ্ছ্বলতা খুঁজে পাওয়া যায়। ধর্ম নিয়ে তিনি বাড়াবাড়ি করতেন না। মানবধর্মকেই তিনি ভালোবাসতেন। তাই তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও তিনি মৃত্যুঞ্জয়ী। আর কাজী নজরুল ইসলামের কবি হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা ছিল বটে। কিন্তু বাঙালি সব থেকে বেশি ভালোবেসেছে নজরুলের গান। কাজী নজরুল দু-হাত ভরে গান লিখেছেন। বিচিত্র সব বিষয় ও সুর ছিল সেসব গানের।
