সফল সংগঠক হিসেবে মানব-কল্যাণে বিশেষ অবদান রাখায় ‘শেখ কামাল স্মৃতি সম্মাননা পদক ২০২৩’ এ ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। রবিবার (৬ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ও গুণীজন সম্মাননা পদক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু তাকে সম্মাননা পদক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা কামাল চৌধুরী।
সংগঠনের সহ-সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কবিসংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। বর্তমানে বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমের সঙ্গেও সম্পৃক্ত আছেন তিনি।
এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসেবে ২০১০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
তিনি প্রায় ৩২ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন।
