তিন দিনে দুই বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হাত সাবিনার

আমার চাঁদ কপাল :সাবিনা

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:৪৫

বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন নারী জাতীয় ফুটবল দল যেন আকাশে উড়ছে। এবার তাদেরকে সংবর্ধনা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সাফজয়ী  ফুটবল দল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছে। 

গতকাল মঙ্গলবার(৮ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ পাঁচ জনকে জাতীয় পদক বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক দেওয়া হয়। 

এবার অন্যদের মধ্যে সাফ নারী ফুটবল দলকে দেওয়া হয়েছে পদক। তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার গ্রহণ করে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দারুণ খুশি। মাত্র তিন দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই বার দেখা হলো। দুই বার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন সাবিনা। দুই বার পুরস্কার গ্রহণ করলেন তিনি।

এর আগে গত ৫ আগষ্ট ওসমানী স্মৃতি মিলয়ানের এই মঞ্চেই নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রীর হাত থেকে। আর গতকাল একই মঞ্চে প্রধানমন্ত্রীর হাত থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক। তার জন্য একটি বিশেষ একটি দিন। 

তিন দিনের ব্যবধানে দুই বার প্রধানমন্ত্রীর মঞ্চে উঠেছেন, হাত মিলিয়েছেন। একটা চওড়া হাসি ছড়িয়ে দিয়ে সাবিনা বললেন, ‘আমার চাঁদ কপাল। এমন ভাগ্য কয়জনার হয়।’ সাবিনাদেরকে কী বলেছেন প্রধানমন্ত্রী ? সাবিনা মুখ থেকেই শোনা যাক, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের মেয়েদের ফুটবল দলটাকে দেখলেই খুশি হন। একটা হাসি দেন। এটা দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়। আমাদের দেখলে প্রধানমন্ত্রী উৎফুল্ল হয়ে যান। সব সময় খেলার কথা বলেন। এবার সেই একই কথা বললেন আমরা যেন আরো ভালো খেলি।’

মঞ্চে ওঠার সময় সাবিনার চোখমুখ হাসছিল। আবার দেখা হয়ে গেল। প্রধানমন্ত্রীও সাবিনাকে দেখে হাসি ছড়িয়ে দেন। সেটা নিয়েই সাবিনা বললেন, ‘উনি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ। শুধু ফুটবলের জন্যই না। যে কোনো ক্ষেত্রের কথাই বলুন। এটা আমাদেরকে প্রেরণা দেয়। আমরা খুশি এমন একজন মানুষকে প্রধানমন্ত্রী পেয়েছি।’ 

২১জন ফুটবলারকে পদক দেওয়া হয়েছে। সঙ্গে এক লাখ টাকা করে দেওয়া হয়। সাফ চ্যাম্পিয়ন দলের দুই জন উপস্থিত ছিলেন না। আঁখি আছেন চীনে। তার পুরস্কারও সাবিনা গ্রহন করেন। আর গোলরক্ষক ইতির জ্বর থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দেননি।

ইত্তেফাক/এসএস