রাজধানীতে পরিচ্ছন্ন প্রযুক্তি মেলা শুরু

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:২৪

 ইত্তেফাক রিপোর্ট

পরিবেশবান্ধব ধাতব পণ্য ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক পরিচ্ছন্ন প্রযুক্তি মেলা ২০১৯। গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। দুই দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মেটাবিল্ড প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের, ডিসিসিআইয়ের সহ-সভাপতি ইমরান আহমেদ এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার ডারিও ট্রোমেটটা প্রমুখ। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, রিসোর্স অ্যাফিশিয়েন্ট অ্যান্ড ক্লিন প্রোডাকশন (আরইসিপি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের ইস্পাত ও স্টিল খাত জ্বালানি ও পানি ব্যবহারে যথাক্রমে ২৫% এবং ১৫% সাশ্রয়ী হতে পারে।  

প্রধান অতিথির বক্তব্যে মো. হেলাল উদ্দিন বলেন, সরকার টেকসই প্রযুক্তি ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে এবং এ জন্য উদ্যোক্তাদের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই এবং এলক্ষ্যে গৃহস্থালির পাশাপাশি শিল্প-কারখানায় টেকসই ও ক্লিন প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি শিল্প-কারখানায় ব্যবহারের জন্য নতুন নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।