গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ, ধনেপাতা, করমচা ও আনারসের ফলন এসেছে। নিজ হাতে মুঠোফোনে তার ছবিও তুলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফেসবুক একাউন্টে কাঁচামরিচ গাছের একটি ছবি দিয়ে পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন।
ফেসবুকে হাসান জাহিদ তুষার বলেন, ‘এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। গণভবনের ছাদে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোয়। আর নিজেই মুঠোফোনে সেই ছবি তুলেছেন তিনি। ছাদবাগানে আরও হয়েছে ধনেপাতা, করম চা ও আনারস।’
হাসান জাহিদ তুষার আরও লেখেন, করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন। গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।

