কৃষি ও পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার উত্তরা কৃষিবিদদের

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২০:৩৪

উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ মিজানুর রহমান ও ড. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, অস্ট্রেলিয়াপ্রবাসী কৃষিবিদ সাইদুর রহমান জুলিয়াস, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (আইআরআরআই)-এর সাবেক চিফ অব পার্টি ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো আমজাদ হোসেন পলাশ, কৃষি উদ্যোক্তা এস. এ. এম. সানোয়ার হোসেন, এমজে এগ্রোর স্বত্বাধিকারী শাহেদুর রহমান সায়েম, উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল হোসেন সুইট, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শাম্মী আক্তার, কর কর্মকর্তা মো. রাকিব হাসান, উদ্যোক্তা শরিফুল ইসলামসহ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় কৃষি, গবেষণা, কৃষি উদ্যোক্তা, চাকরি, ব্যবসা এবং পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে নিয়মিত যোগাযোগের সুযোগ সীমিত। এ ধরনের আয়োজন পারস্পরিক সহযোগিতা ও পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে আরও সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে উত্তরায় বসবাসরত আরও বেশি কৃষিবিদকে এ উদ্যোগের সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে প্রতি মাসের শেষ শুক্রবার সকালে নিয়মিত মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে সদস্যদের মধ্যে পরিচয়, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

অংশগ্রহণকারী কৃষিবিদরা দেশের কৃষি, কৃষক, নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তির প্রসার এবং কৃষিবিদদের পেশাগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের ভাষ্য, ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’কে একটি অরাজনৈতিক, সামাজিক ও পেশাভিত্তিক নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলে জাতীয় উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করা হবে।

ইত্তেফাক/এমএএম