বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. মাহফুজ বাজ্জাজ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ। গত ১৯ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। 

ড. বাজ্জাজ জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে মোট ৪১ টি গবেষণা পত্র প্রকাশ করেছেন। তার জন্ম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে। 

চাকরি জীবনে ড. বাজ্জাজ ২৭ নভেম্বর ১৯৯৭ হতে ২০০১ সাল পর্যন্ত কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্বভার সুনামের সঙ্গে পালন করেন। তারপর ২০০১ সালের ১৫ জুলাই হতে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং ২০০৯ সালের ২০ এপ্রিল হতে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে  দায়িত্ব পালন করেন। 

সেখানে ড. বাজ্জাজ কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল ধারা সফলভাবে বাস্তবায়ন করেন। এরপর তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের নশিপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) এর দায়িত্ব পালন শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইত্তেফাক/জেডএইচ