কক্সবাজারে পরিত্যক্ত হ্যাচারি থেকে ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪:১৬

কক্সবাজারের কলাতলী শহরে পরিত্যক্ত একটি হ্যাচারি থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাতে এক ব্যক্তির ‘গুলিবিদ্ধ’ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বশির আহমেদ (৪৫) কুমিল্লা বরুডা থানার বাসিন্দা আবু তাহের ছেলে। তিনি স্বপরিবার কক্সবাজার শহরে কলাতলিতে বসবাস করে আসছেন। অনেকে তাকে রোহিঙ্গা বলেও দাবি করেন। 

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে গুলির শব্দ পেয়ে পরিত্যক্ত হ্যাচারিতে যায় স্থানীয়রা। সেখানে গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর এম এ মনজুর  জানান, বশির একজনের জমিতে বাস করতো। ওই জমি ছিল ঝামেলাহীন। সাগর থেকে পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করা বশিরের সঙ্গে কারোর দ্বন্দ্ব থাকার কথা নয়। যেখানে তার লাশ পাওয়া গেছে সেটা মাদকের আড্ডাখানা হিসেবে পরিচিত। তাই তার মৃত্যুটি রহস্য ঘেরা।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরির পর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বলা যাবে।

পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/আরএজে