নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের ওপর নির্মিত একটি ব্রিজে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পথচারীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, উত্তর দুরাকুটি কাচারীপাড়া গ্রামের আফছার মেম্বারের বাড়ি থেকে বাহাগিলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামের বাড়ি পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করার কারণে ভেঙে গিয়ে কোথায় কোথায় সরু হয়ে গেছে। সড়কের ওপর নির্মিত ব্রিজটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির দুদিকে রেলিংসহ মূল ব্রিজটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এমনকি ব্রিজের দুই দিকের সংযোগ সড়কের মাটিও ধসে গেছে। ব্রিজটি সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এছাড়াও সড়কটির পশ্চিম দিকে দক্ষিণ দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সড়কটির পূর্ব অংশের মাঝামাঝি দুরাকুটি উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীসহ শিক্ষকদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
বাহাগিলি ইউনিয়নের বাসিন্দা এমদাদুল হক জানান, সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী। সড়কটির পাশ দিয়ে বয়ে গেছে চাঁড়ালকাঁটা নদী। নদী ভাঙনের কারণে সড়কটির পূর্ব দিকের এক কিলোমিটার অংশ ভেঙে গেছে। বর্তমানে সড়কটি সরু আইলে পরিণত হয়েছে। পশ্চিম দিকের অংশটুকু সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল জানান, সড়কটি মেরামত না করার কারণে বছরের পর বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বলেন, সড়কটি নতুন করে মেরামত করার জন্য স্থানীয় এমপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, সড়ক ও ব্রিজটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
