ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। ৫ ম্যাচে আট গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। শুক্রবার (১১ আগস্ট) শার্লট এফসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মায়ামির হয়ে গোল করেছেন মেসি। এই জয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে মায়ামি।
ম্যাচের ৮৬ মিনিটে মায়ামির হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন মেসি। যা নিয়মিত জয়ের স্বাদ এনে দেয় জেরার্ডো মার্টিনোর দলকে। এখন শেষ চারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লড়তে উত্তরে যাত্রা করবে মায়ামি। মেক্সিকান ক্লাব কুয়েরেতারোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফিলাডেলফিয়া।
ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ। ৩২ মিনিটে দলটিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রবার্ট টেইলর। ৭৮ মিনিটে মেসির দিকে দিয়াগো গোমেজের নীচু ক্রসের বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন শার্লটের ডিফেন্ডার এডিলসন মালান্ডা। শেষ পর্যন্ত মেসির করা চতুর্থ ও শেষ গোলে উৎসবে মেতে উঠে মায়ামির সমর্থকরা।
