ডলারের বিপরীতে টাকার অবমূল্যয়নের কারণে চলতি বছর বাংলাদেশের জিডিপি কমার শঙ্কা রয়েছে বলেছেন মন্তব্য করেছন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘বর্তমানে রিজার্ভ কমে ২২ বিলিয়নে এসেছে। অন্যদিকে ব্যাংকিং খাতের পরিধি ক্রমশ সংকুচিত হয়ে আসছে। ফলে আগামী সময়ে মূল্যস্ফীতি বাড়বে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যয়নের কারণে এ বছর বাংলাদেশের জিডিপি কমার শঙ্কা রয়েছে। বাজার ব্যবস্থাপনার সঙ্গে ডলারের মূল্য নির্ধারণ না করলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বাড়বে।’
রোববার (১৩ আগস্ট) রাজধানীর এফডিসিতে জুয়েলারি শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাতাদের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এসব কথা বলেন। ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বর্তমানে বাংলাদেশের অনেক ঋণ অনাদায়ী রয়েছে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘এসব ঋণ শোধ করার বিষয়ে উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমোঝতা দরকার। অন্যথায় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে সরকারি ব্যয়ের ৩৭ শতাংশ বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস থেকে নির্বাহ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে যে পদক্ষেপ নিচ্ছে তা টেকসই হবে না। এটি একটি গর্হিত কাজ।’
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বৈদেশিক আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক রপ্তানি ও অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স থেকে। দেশের জুয়েলারি শিল্পে যে অমিত সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে অনুমান করা যায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে জুয়েলারি শিল্পও তৈরি পোশাক রপ্তানির মতো বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
জুয়েলারি শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মো. আলমগীর হোসেন, সাংবাদিক রুহুল আমিন রাসেল, সাংবাদিক কাবেরী মৈত্রেয় ও সাংবাদিক রেফায়েত উল্লাহ মীরধা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
