বদলাতে চান না মরগ্যান
স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের আগে সাড়ে তিনশ রান তাড়া করা তারা অভ্যেসে পরিণত করেছিলো। সেই দলই গত দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশ রানের কম রান তাড়া করে জিততে পারেনি। পরপর এই দুই ম্যাচে বেপরোয়া ব্যাটিং করতে গিয়ে হেরেছে ইংল্যান্ড। তারপরও দলটির অধিনায়ক এউইন মরগ্যান বলছেন, তারা তাদের এই আক্রমণাত্মক ‘মন্ত্র’ বদলাবেন না। বরং মরগ্যান মনে করেন, তাদের যে বেসিক, সেটাই তারা গত দুই ম্যাচে খেলতে পারেননি। সে কারণেই এই দুটি ম্যাচ হেরে গেছেন তারা, ‘আমি মনে করি, এই খেলাটা (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও আগের খেলাটায় আমরা যেটাকে আমাদের ব্যাটিং মন্ত্র বলি, সেটা অনুসরণ করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের মন্ত্র হলো শক্ত থাকো, দৃঢ় থাকো এবং জুটি তৈরি করো। আমরা এটা আমাদের মতো করে করছিলাম। আমার মনে হয়, আমরা যখন ব্যাটিং সহায়ক উইকেটে না খেলি, তখন আমাদের এই বেসিকটা অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে যায়।’
দুটো খেলায় হেরে গিয়ে নিজেদের বেসিক পরিবর্তনের কোনো কারণ মরগ্যান দেখছেন না। কিন্তু সাবেক ইংলিশ একাধিক অধিনায়ক বলছেন, ইংল্যান্ডের এখন প্লান-বি নিয়ে ভাবা দরকার। কিন্তু মরগ্যান আবারো বললেন, চার বছর ধরে তারা যে পদ্ধতিতে সাফল্য পেয়েছেন, সেটাকে সন্দেহ করা ঠিক না, ‘হ্যাঁ, গত দুটো ম্যাচ নিয়ে আমাদের আরো গভীরে ভেবে দেখা দরকার। কিন্তু এটা মনে রাখতে হবে, মানসিকতাই গত চার বছর ধরে আমাদের সাফল্য এনে দিয়েছে। দুটো পরপর পরাজয় এটা ভাবতে বাধ্য করে যে, ভিন্নভাবে চিন্তা করতে হবে। কিন্তু আমরা আমাদের পদ্ধতি থেকে সরে আসতে চাই না। আমাদের প্রথমে পরিস্থিতি এবং এরপর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু আমরা একমিনিটের জন্যই পেছনের দিকে হাঁটতে চাই না। বিশেষ করে দুটো পরাজয়ের জন্য এরকম কিছু ভাবতে চাই না।’
ইংল্যান্ড এখনো পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। তারা যদি ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে কোনো সমীকরণ ছাড়াই তারা সেমিফাইনালে চলে যাবে। তবে এই দুই দলের বিপক্ষেই জয় আশা করাটা তাদের জন্য একটু কঠিন হচ্ছে। তবে মরগ্যান মনে করেন, তাদের সম্ভাবনাই বেশি, ‘আমাদের সম্ভাবনা খুবই শক্ত। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের এখন পরের ম্যাচ দুটোতে স্রেফ জয় পাওয়ার মতো পারফরম করতে হবে।’
