মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দেখা গেছে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে, শাহবাগ থেকে কাওরান বাজারমুখী রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সাঈদীর ভক্ত-সমর্থকরা জড়ো হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদী। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
