নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে এক সেবা প্রত্যাশীকে মারধর করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মমতাজ প্রামাণিকের বিরুদ্ধে।
বুধবার (১৬ আগস্ট) মিরাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মারধর ঘটনায় ভুক্তভোগীর বোন মরিয়ম বেগম বাদী হয়ে থানায় ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী রাজ্জাক আলী (৩৮) ওই ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, ওয়ারিশন সনদ নেওয়ার জন্য বুধবার দুপুরে মিরাট ইউনিয়ন পরিষদের যান রাজ্জাক। পরিষদে চেয়ারম্যান না থাকা রাজ্জাক পরিষদ কার্যালয়ের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় ইউপি সদস্য মমতাজ প্রামানিক সেখানে যান এবং তাকে পরিষদে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে দু’জনের মধ্যে রাজ্জাকের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরিষদ কার্যালয়ের কক্ষেই রাজ্জাককে কিল-ঘুসি মেরে মারধর করে আহত করেন।
ভুক্তভোগী রাজ্জাক আলী বলেন, মেম্বার মমতাজের স্বাক্ষর না নিয়ে পরিষদের চেয়ারম্যানের কাছে ওয়ারিশন সনদ নিতে যাওয়ায় মেম্বার আমার ওপর ক্ষিপ্ত হয়ে বেধম মারধর করে আহত করে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মমতাজ প্রামানিক বলেন, রাজ্জাক আমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে পরিষদে তর্কে জড়ায়। এ জন্য প্রতিবেশি ছোট ভাই হিসেবে তাকে একটা চর মেরেছি। আর আমার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়।
মিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আমি ঘটনার সময় পরিষদে ছিলাম না। পরে জানতে পারি সদস্যের সঙ্গে রাজ্জাকের ঝামেলা হয়েছে। তারা নিজেরাই বিষয়টি মিমাংসা করেছে শুনলাম।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
