তামিমের আদর্শ তামিম 

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৮:৩৭

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। তামিমের পরিবর্তে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। তরুণ এই ক্রিকেটারের অনুপ্রেরণা তামিম ইকবাল।

জাতীয় দলে ডাক পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় সিনিয়র তামিমের সঙ্গে নামের মিল প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘এই কথাটা আমি অনেক আগে থেকে শুনছি (তামিম ইকবালের সঙ্গে মিল)। সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি, যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম।

নামের মিল থাকায় সিনিয়র তামিমের খেলা বেশি দেখেছেন জুনিয়র তামিম। এমনকি সিনিয়র তামিম তরুণ এই ক্রিকেটারের আদর্শ। তিনি আরও বলেন, ‘উনি আমাদের জন্য আদর্শ। উনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। কোন পরিস্থিতিতে কীভাবে খেলেন। তিনি অবশ্যই একজন অনুপ্রেরণা।’

ইত্তেফাক/জেডএইচ