বরিশাল অফিস
জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশালের আয়োজনে নগরীর বান্দরোডে হোটেল গ্রান্ড পার্কে দু দিনব্যাপী স্বর্ণ মেলা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। সমাপণী দিনে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ৪৬৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন বা বৈধ করেছে। এতে প্রায় আড়াই কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ জানান, প্রদর্শিতর মধ্যে প্রায় ২০হাজার ভরি স্বর্ণ থাকলেও রৌপ্য ও হীরার পরিমাণ ছিলো খুবই কম। টাকার অংকে যা ২কোটি ৪৪লাখ ৪৪হাজার ২শ টাকা।
তিনি আরও বলেন, কর অঞ্চল বরিশালের আয়োজনে স্বর্ণ মেলায় সাতটি স্টল স্থান পেয়েছিলো। যার মধ্যে তিনটি স্টলে বরিশাল বিভাগের ছয় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ঘোষণাপত্র গ্রহণ করতে পেরেছেন। এছাড়া জনতা ও সোনালী ব্যাংকের দুটি আলাদা স্টল এবং একটি হেল্প ডেস্ক ও একটি স্টলে ১২ ডিজিট টিআইএন গ্রহণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছিলো। প্রথম দিন বিভাগের ছয় জেলা থেকে ১১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার হাজার ভরি অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করেছে। তবে যারা অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করতে পারেননি তারা আগামী ৩০ জুনের মধ্যে কর বিভাগের স্ব স্ব সার্কেল অফিসে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধ করে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ বা প্রদর্শন করতে পারবেন।
সোমবার ওই মেলা উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সাত আইনজীবীর
বিরুদ্ধে ব্যবস্থা
মাদক সংশ্লিষ্টতাসহ অপেশাদার আচরণের জন্য বরিশালের দুই আইনজীবীর সদস্য পদ বাতিলসহ আরো পাঁচ আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল আইনজীবী সমিতি।
বুধবার দুপুরে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু জানান, আইন পেশার অন্তরালে সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে মঙ্গলবার আইনজীবী সমিতির এক সভায় আ্যাাডভোকেট মিলন ও লিখনের সদস্যপদ বাতিল করা হয়েছে। এছাড়াও অ্যাডভোকেট রুমি, তানভির, মিজান, জুয়েল ও মাছুমের সনদ বাতিলের জন্য ঢাকা বার কাউন্সিলে সুপারিশ পাঠানোর জন্য সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
